পীরগঞ্জে ইউরিয়া সারের সংকট নেই, গুদামে মজুদ ৫৩৭ মেট্রিক টন
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 46
গুজবে কান না দেওয়ার আহ্বান কৃষি বিভাগের
রংপুরের
পীরগঞ্জ উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। বরং উপজেলার ১৫ জন বিসিআইসি
সার ডিলারের গুদামে গত ২৭ আগস্ট পর্যন্ত প্রায় ৫৩৭ মেট্রিক টন ইউরিয়া সার
মজুদ রয়েছে। এর পাশাপাশি আরও পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সারের বরাদ্দ
পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
পীরগঞ্জ উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ মো. সুমন আহমেদ জানান, উপজেলায় বর্তমানে ইউরিয়া সারের
পর্যাপ্ত মজুদ রয়েছে। ২৭ আগস্ট পর্যন্ত ১৫ জন বিসিআইসি সার ডিলারের গুদামে
৫৩৭ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। এছাড়া ভবিষ্যৎ চাহিদা পূরণে আরও
পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সারের বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষি
কর্মকর্তা বলেন, “পীরগঞ্জে ইউরিয়া সারের কোনো সংকট নেই। সারের সংকট নিয়ে যে
কথা ছড়ানো হচ্ছে, তা নেহাতই গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য
উপজেলার সম্মানিত কৃষকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উপজেলা কৃষি অফিস
সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে
ডিলারদের সার উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি বা সমস্যার সম্মুখীন না হন, সে
বিষয়েও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এ লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে
দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা স্ব-স্ব ইউনিয়নের বিসিআইসি সার
ডিলারদের সার বিক্রয় কার্যক্রম নিয়মিত ও সার্বক্ষণিক তদারকি করছেন।
কৃষি
বিভাগ জানিয়েছে, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ স্বাভাবিক রাখতে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ
নেই। কৃষকদের প্রতি কৃষি বিভাগের আহ্বান—গুজবে কান না দিয়ে নির্ধারিত
মূল্যে প্রয়োজন অনুযায়ী সার ক্রয় করুন এবং কোনো অনিয়মের অভিযোগ থাকলে
তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাকে জানান।
আপনার মতামত লিখুন :