• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গাইবান্ধায় জমি বিরোধে চাচা হত্যা: প্রধান আসামিসহ চারজন বগুড়া থেকে গ্রেপ্তার


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 69
ছবির ক্যাপশন : ad728

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আদা চন্দ্র দাস হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২২ আগস্ট) রাতে বগুড়া সদর থানার নাটাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি নিপেন দাস ওরফে খইলশা (৬১), তার দুই ছেলে শঙ্খরাজ সেন ওরফে ঠাকুর দাস (২৮) ও সত্য সেন ওরফে সত্য দাস (২১) এবং নিপেন দাসের স্ত্রী শংকরী রানী (৫১)।

র‌্যাব জানায়, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের পারিবারিক বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তার বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই বিরোধপূর্ণ জায়গায় নিপেন দাস টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরদিন ৪ জুলাই সকালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ওইদিন দুপুরে আদা চন্দ্র দাস বাড়ির সামনে ছাগল চরাতে গেলে নিপেন দাস, তার দুই ছেলে শঙ্খরাজ ও সত্য দাসসহ পরিবারের কয়েকজন তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আদা চন্দ্র দাসকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জুলাই সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ও র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্পের যৌথ দল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদর থানার নাটাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাসা থেকে মামলার প্রধান আসামি নিপেন দাস, তার দুই ছেলে ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

...