নাশকতা ও অপরাধ প্রতিরোধে আরপিএমপির বিশেষ মহড়া
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 109
রংপুর, ১৪ আগস্ট: মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ, মাদক ব্যবসা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে বিশেষ মহড়া পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
শুক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি)-এর নেতৃত্বে মহানগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে মহড়াটি পরিচালিত হয়।
মহড়ায় আরপিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা বিশাল গাড়িবহর নিয়ে অংশ নেন। এর অংশ হিসেবে বিকেল ৫টা ৪০ মিনিটে মেডিকেল মোড় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দ্রুত মোতায়েন সক্ষমতা, ইউনিটগুলোর পারস্পরিক সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।
পুলিশ সূত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত উপস্থিতি নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপরাধী ও নাশকতাকারীদের তৎপরতা প্রতিহত এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়া পরিচালিত হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মহানগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :