• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পানি প্রবাহ বন্ধে বদলে গেছে বাফলার বিলের চিত্র, দুর্ভোগে কৃষক-জেলে


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 95
ছবির ক্যাপশন : ad728

রাকিবুল ইসলাম রাকিব,ষ্টাফ রিপোর্টার,রংপুর২৪ডটকম-
 নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাফলার বিল এখন তার চিরচেনা রূপ হারাতে বসেছে। একসময় পদ্মফুলে আচ্ছাদিত এই বিলের সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাতেন। কিন্তু পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বিলজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা, কমে গেছে মাছের উৎপাদন এবং হারিয়ে যেতে বসেছে পদ্মফুলের সমারোহ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিলের পানি চলাচলের পথ বাধাগ্রস্ত থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে বিলের বিস্তীর্ণ এলাকায় কচুরিপানা ছড়িয়ে পড়েছে। কচুরিপানার কারণে পানির গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি মাছের বিচরণ ও প্রজননও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, কয়েক বছর আগেও বাফলার বিলে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে মাছের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে মাছ শিকারের ওপর নির্ভরশীল অনেক পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে।

এদিকে বাফলার বিলের অন্যতম আকর্ষণ পদ্মফুলও এখন প্রায় বিলুপ্তির পথে। যে বিলে একসময় বর্ষা মৌসুমে চোখজুড়ানো পদ্মফুলের সমারোহ দেখা যেত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি পদ্মফুল ছাড়া তেমন কিছুই দেখা যায় না। ফলে বিলের প্রাকৃতিক সৌন্দর্যও অনেকাংশে ম্লান হয়ে গেছে।

পানি প্রবাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে কৃষিতেও। স্থানীয় কৃষকদের অভিযোগ, বিলের পানি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে না পারায় সেচ ব্যবস্থায় সমস্যা তৈরি হচ্ছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিলের পানি চলাচলের পথ পুনরুদ্ধার এবং অতিরিক্ত কচুরিপানা অপসারণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিলে আবারও স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে। পাশাপাশি ফিরে আসবে হারিয়ে যাওয়া পদ্মফুলের সৌন্দর্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থাপনার মাধ্যমে বাফলার বিলকে আবারও তার আগের রূপে ফিরিয়ে আনা হবে এবং কৃষক-জেলেদের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


...