স্টাফ রিপোর্টার, রংপুর:
বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন এসপিজিআরসি-বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, শোক র্যালি, কবর জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণ।
সকাল ৯টায় কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে প্রকাশিত জং সানডে ম্যাগাজিন-এর সাব-এডিটর মো. হুমায়ুন জাফর। বিশেষ অতিথি ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী এম. শওকত আলী।
বাদ জুমা নগরীর ২ নম্বর ইস্পাহানী ক্যাম্পস্থ এসপিজিআরসি-বাংলাদেশের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিমপাড়া রেলওয়ে কবরস্থানে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের প্রয়াত নেতা আলহাজ্ব এম. নাসিম খানের কবর জিয়ারত করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তরুণ সংগঠক মো. সায়েম এবং ২ নম্বর ইস্পাহানী ক্যাম্প জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোর্শেদ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাসুদ ছোটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আলী, প্রেস সেক্রেটারি গোলাম হাসনাইন, রাজশাহী শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন, রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-শাখার নেতৃবৃন্দ।
এছাড়া ঢাকা, মীরপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, গাইবান্ধা, যশোর, সিরাজগঞ্জ, নীলফামারী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী শাখার উদ্যোগে নগরীর সিরল কলোনিতে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও উর্দুভাষী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মরহুম এম. নাসিম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার ও কল্যাণে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অন্যদিকে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী স্মরণসভা ও ১৮তম বার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ আগস্ট থেকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকরা জানান, দীর্ঘ ৫৫ বছর ধরে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ে কাজ করে আসছে এসপিজিআরসি-বাংলাদেশ। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যেই এবারের স্মরণসভা ও কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :