রংপুর প্রতিনিধি:
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রুপু কালাম (৩৫)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত অপর আসামি মো. লেবু মিয়া ওরফে ভেদের পলাতক রয়েছেন।
শনিবার পরিচালিত অভিযানে রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর বানিয়াপাড়া এলাকার ডালিয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশার সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিউর রহমান বাদী হয়ে রংপুর কোতোয়ালী সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :