ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে ফেনসিডিল, বিদেশি মদ ও অবৈধ কীটনাশক উদ্ধার, গ্রেফতার ১
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 81
**নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:**
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ভারতীয় মদ, অবৈধ কীটনাশক এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে সাহালাল ইসলাম (৩৭)।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার আজলাবাদ গ্রামে সাহালাল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে তার শোবার ঘর তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল, ৬ বোতল ভারতীয় ‘রিপস রয়্যাল’ মদ, ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক এবং ৯৬০ পিস বিটামিথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার ৯২০ ভারতীয় রুপি, ৫ মালয়েশিয়ান রিংগিত এবং ১০০ ওমানি বাইসাও জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া এসব সামগ্রী অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে সাহালাল ইসলামকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :