• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 70
ছবির ক্যাপশন : ad728

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং করণীয় বিষয়ে মতবিনিময় করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

সোমবার রংপুরে আয়োজিত এ মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা, কর্মসংস্থানসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সামর্থ্য ও এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সহায়তার বিষয়ে তিনি প্রয়োজনীয় তথ্য ও চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রের তালিকা প্রস্তুত করার পরামর্শ দেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, ঢাকার মাধ্যমে চিকিৎসা সহায়তার বিষয়ে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ তৈরিতেও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

কর্মসংস্থানের বিষয়ে পুলিশ কমিশনার বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের নারী সদস্যদের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন স্কুলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী চতুর্থ শ্রেণির পদে নিয়োগের সম্ভাবনা যাচাই করা হবে। পাশাপাশি রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও থানা এলাকায় বসবাসরত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের তথ্য তালিকাভুক্ত করারও পরামর্শ দেন তিনি।

তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও সংশ্লিষ্টদের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় কর্মসংস্থান বা অন্য কোনো সুযোগ করে দেওয়ার নামে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য সবাইকে সতর্ক করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় মহানগরীতে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাদক নিয়ন্ত্রণে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মাছুয়াপাড়ার আলোচিত চার হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গেও বক্তব্য দেন পুলিশ কমিশনার। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে পাওয়া তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্টদের সহযোগিতার মাধ্যমে পুলিশ দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি তদন্তে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে মাদক, অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার।

সূত্র: মিডিয়া সেল, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

...