শিক্ষিত মা-ই পারে শিক্ষিত জাতি গড়তে: এটিএম আজহারুল ইসলাম
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 78
**নিজস্ব প্রতিবেদক, রংপুর।।**
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একজন মা শিক্ষিত হলে তিনি শুধু একটি পরিবারকে নয়, একটি প্রজন্মকে শিক্ষিত করে তুলতে পারেন। আর শিক্ষিত প্রজন্মই পারে একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গড়ে তুলতে।
শনিবার (২২ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, শিক্ষার প্রসারে পরিবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। মেধা ও প্রতিভার বিকাশের সুযোগ পেলে নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, নেপোলিয়নের বিখ্যাত উক্তি ‘তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব’ একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের গভীর সত্য বহন করে। কারণ একটি শিশুর জীবনের প্রথম শিক্ষাগুরু তার মা। তাই মায়েদের শিক্ষিত ও সচেতন হওয়ার পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় গুরুত্ব দিতে হবে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই ফলাফল জীবনের শেষ অর্জন নয়, বরং দীর্ঘ পথচলার প্রথম ধাপ। ধারাবাহিকভাবে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই প্রকৃত মেধাবী হওয়া যায় না। অর্জিত জ্ঞান ও যোগ্যতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে পারলেই সেই মেধার প্রকৃত মূল্যায়ন হবে।
এ অঞ্চলে শিক্ষার হার তুলনামূলকভাবে কম উল্লেখ করে তিনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি যেমন শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে, তেমনি অপব্যবহার ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি সততা, চরিত্র ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বদরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল্লাহ আল আমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকারিয়া আল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও জেলা জামায়াত এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে সংবর্ধনা, উপহার ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে সকালে বদরগঞ্জ স্টেশন রোডে ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে তাঁর উদ্যোগে পরিচালিত সাপ্তাহিক ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
আপনার মতামত লিখুন :