• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের সঙ্গে পদায়নের সম্পর্ক নেই, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান আরপিএমপির


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 74
ছবির ক্যাপশন : ad728

রংপুর, ২৫ আগস্ট: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি পদে পদায়নকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছে আরপিএমপি। সংস্থাটি জানিয়েছে, তাঁর পদায়ন পূর্বনির্ধারিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ এবং মাছুয়াপাড়ায় সংঘটিত একই পরিবারের চারজনের হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যমে এমনভাবে খবর পরিবেশন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে মাছুয়াপাড়া হত্যাকাণ্ডের ঘটনার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১২ আগস্ট ২০২৬ তারিখের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদ থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। অর্থাৎ, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার আগেই তাঁর পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২২ আগস্ট মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নেতৃত্বে তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই আরপিএমপির বিভিন্ন ইউনিট মাঠে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের প্রাথমিক রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি মামলার গুরুত্বপূর্ণ আলামত ও লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়।

আরপিএমপির মতে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি এবং অভিযুক্তদের গ্রেপ্তার জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। এর পেছনে পুলিশ কমিশনারের কার্যকর নেতৃত্ব, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিজ্ঞপ্তিতে সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, জনসাধারণের জানার অধিকার নিশ্চিত করা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জনআস্থা বজায় রাখার অন্যতম প্রধান শর্ত। তাই পূর্বনির্ধারিত প্রশাসনিক সিদ্ধান্তকে কোনো ঘটনার সঙ্গে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরপিএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনআস্থা অটুট রাখতে তারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

...