• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

চিরিরবন্দরে আলো ছড়াচ্ছে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিবন্ধকতায়


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 86
ছবির ক্যাপশন : ad728

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাটখোলা এলাকায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একতা যুব সংঘ। সংগঠনটির নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত নৈশবিদ্যালয়ে প্রতিদিন রাতে পড়াশোনা করছে ৫০ থেকে ৭০ জন শিক্ষার্থী। শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীর জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে উদ্যোগটি।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় নানা কারণে নিয়মিত পড়াশোনার সুযোগ না পাওয়া দরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হাটখোলা এলাকায় নৈশবিদ্যালয়টি চালু করে একতা যুব সংঘ। প্রতিদিন রাতে এখানে শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। সংগঠনটির নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের জন্য দুইজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে।

একতা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক শাহরিয়া সরকার বলেন, “একতা যুব সংঘের ব্যক্তিগত অর্থায়নে এই নৈশবিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৭০ জন দরিদ্র শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য সংগঠনের খরচে দুইজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।”

শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নেই সংগঠনটির কার্যক্রম। নৈশবিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। এতে দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ ও শিক্ষা উপকরণের সংকট কিছুটা হলেও কমছে।

এলাকাবাসী একতা যুব সংঘের এই উদ্যোগকে একটি মহৎ ও মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, আর্থিক সংকটের কারণে অনেক মেধাবী ও আগ্রহী শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হয়। এমন পরিস্থিতিতে বিনামূল্যে নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা তাদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, উদ্যোগটি আরও বড় পরিসরে সম্প্রসারণ করা গেলে উপকৃত হবে এলাকার আরও অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী। পাশাপাশি নৈশবিদ্যালয়ের শিক্ষার্থী ও কার্যক্রমের পরিধি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও প্রত্যাশা করেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, একতা যুব সংঘের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু-কিশোরদের জন্য একটি স্থায়ী ও কার্যকর শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

...