• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুরে গৃহবধূ রওশন আরা হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 136
ছবির ক্যাপশন : ad728

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর সদর উপজেলার জানকী ধাপেরহাট গ্রামে গৃহবধূ রওশন আরা বেগমের হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেফতার এবং থানায় মামলা গ্রহণ না করার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির ইউনিয়ন সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, রওশন আরা বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। তারা দাবি করেন, হত্যার ঘটনায় অভিযুক্ত সবুজ ও তার স্ত্রী আজমিরা বেগমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তারা।

এলাকাবাসীর ভাষ্যমতে, গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে রওশন আরা বেগমকে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, আপন বড় ভাই ও তার স্ত্রী বালিশ চাপা দিয়ে ছোট ভাইয়ের স্ত্রী রওশন আরাকে হত্যা করার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও এখনো সন্তোষজনক অগ্রগতি দেখা যায়নি। এ কারণে তারা রাজপথে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে হরিদেবপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মানববন্ধন থেকে দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং দোষীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এলাকাবাসী বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

...