রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন তরুণ ও ১৩ জন তরুণী রয়েছে, যাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
বুধবার দুপুরে চিড়িয়াখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরবর্তীতে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই চলছে। বিষয়টি পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বিভিন্ন বিনোদনকেন্দ্রে সামাজিক পরিবেশ ও শৃঙ্খলা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ উঠছিল। এতে সাধারণ দর্শনার্থী ও পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ ও অভিযোগের সত্যতা পেয়েই রংপুর চিড়িয়াখানায় এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ও বিনোদন কেন্দ্রগুলোর পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :