নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বাবনপুর-বিরামপুর এলাকায় একটি মসজিদের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনদুর্ভোগের বিষয়ে তাদের বক্তব্য শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেওয়া হয়। বিশেষ করে আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থী যাতে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে স্থানীয়ভাবে সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :