ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজোর কোনাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি মানিক চন্দ্র রায়ের স্ত্রী মামনি রানী রায় (২৬) এবং স্বর্গেস চন্দ্র রায়ের ছেলে কৃষ্ণ চন্দ্র রায় (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল রাজোর কোনাপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দূরবর্তী বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাণীশংকৈল ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :