তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 27
তারাগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে রবিউল ইসলাম রবি (৩৬) নামের এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা হাজিপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ইকরচালী ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় রবিউলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন রবিউলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম প্রসিকিউটর হিসেবে প্রসিকিউশন দাখিল করেন। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও শান্তিশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :