• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গাজীপুর থেকে গ্রেফতার ১


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 74
ছবির ক্যাপশন : ad728



**নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম**

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত শাহাদৎ হোসেনকে (৪০) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ওসমান গনি সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহাদৎ হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বেলদহ ঘুন্টির মোড় গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ ওরফে অনদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২১ বছর বয়সী তালাকপ্রাপ্ত ওই বাক প্রতিবন্ধী তরুণী বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত শাহাদৎ হোসেন তার প্রতিবেশী ও আত্মীয় সম্পর্কের দাদা। দীর্ঘদিন ধরে তিনি ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ আগস্ট দুপুরে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় শাহাদৎ হোসেন ওই তরুণীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে তিনি সেখান থেকে চলে যান। পরে শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে ভুক্তভোগী তার মাকে বিষয়টি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যায়।

র‌্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

...