চিকিৎসায় অবহেলার শিকার রোগীদের সহায়তায় স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 66
ঢাকা, ২২ আগস্ট : চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা কিংবা চিকিৎসা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং অভিযোগ-সংক্রান্ত সহায়তা দিতে যাত্রা শুরু করেছে নাগরিক প্ল্যাটফর্ম ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’।
প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, চিকিৎসা-সংক্রান্ত অভিযোগ কোথায় ও কীভাবে জানাতে হবে, কোন চিকিৎসা নথি সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা কোথায় পাওয়া যাবে, সে বিষয়ে একটি সহজ সহায়তা কাঠামো গড়ে তুলবে সংগঠনটি।
আলোচনা সভায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যে মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হন, সেসব ক্ষেত্রে শুধু বিচার নয়, পুরো ব্যবস্থার সংস্কারও জরুরি। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং সেই লক্ষ্য নিয়েই এ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
ব্যারিস্টার রাবনা ইমাম বলেন, দেশে এখনো এমন কার্যকর আইনি কাঠামো গড়ে ওঠেনি, যার মাধ্যমে চিকিৎসা অবহেলার অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। তিনি চিকিৎসক ও হাসপাতাল প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি হাসপাতালগুলোর লাইসেন্সের শর্ত ও সেবার মান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেদিকেও সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ও নিরাপত্তাবোধ কমে যাওয়ায় অনেকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হচ্ছেন। তবে অধিকাংশ মানুষকে দেশের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার মধ্যেই সেবা নিতে হচ্ছে, ফলে এ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দেন নিতীন রেজা ও মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওজুল কবির।
বক্তারা জানান, প্ল্যাটফর্মটির লক্ষ্য শুধু অভিযোগ গ্রহণ নয়। বরং প্রতিটি অভিযোগ যেন ন্যায্যভাবে শোনা ও যাচাই করা হয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রয়োজনীয় সহায়তা পান এবং ঘটনার শিক্ষা ভবিষ্যতে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজে লাগে, সে লক্ষ্যেই কাজ করবে সংগঠনটি।
তারা আরও বলেন, দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর যেমন ব্যাপক চাপ রয়েছে, তেমনি চিকিৎসা অবহেলা বা দুর্ব্যবহারের শিকার মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু অনেক রোগী ও তাদের পরিবার জানেন না কোথায় অভিযোগ করতে হবে, কী ধরনের প্রমাণ সংরক্ষণ করতে হবে কিংবা অভিযোগের অগ্রগতি কীভাবে অনুসরণ করতে হবে। এই তথ্য ও সহায়তার ঘাটতি দূর করতেই কাজ করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’।
আয়োজকরা বলেন, অভিযোগ উত্থাপন মানেই চিকিৎসা অবহেলার প্রমাণ নয়। তবে প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা এবং প্রয়োজন হলে প্রতিকার নিশ্চিত করা একটি নিরাপদ ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এ উদ্যোগ কোনো ব্যক্তি, চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে নয়; বরং অবহেলা, অস্পষ্টতা ও জবাবদিহিতার ঘাটতি দূর করার লক্ষ্যে পরিচালিত হবে।
অনুষ্ঠানে রোগীর অধিকার ও চিকিৎসকদের পেশাগত মর্যাদা উভয়কেই সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :