দিনাজপুরে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় ৪৩ জন কৃষকের মাঝে সার ও নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার আয়োজিত অনুষ্ঠানে ৪৩ একর জমিতে চাষাবাদের জন্য কৃষকদের মাঝে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও ফলনের উদ্দেশ্যে প্রতিটি কৃষককে তিনটি করে মোট ১২৯টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের এলএসটিডি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম।
বিশেষ অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, দিনাজপুরের এসএসও ও প্রধান ড. মোছা: সেলিমা জাহান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর মোর্শেদ এবং সহকারী কমিশনার (ভূমি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান।
সভাপতির বক্তব্যে ড. মো. আনোয়ার হোসেন জানান, এ প্রকল্পের আওতায় পাঁচ ধরনের আমন ধানের জাত নিয়ে সরাসরি মাঠপর্যায়ে প্রয়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন চালানো হচ্ছে। এলাকার মাটি ও আবহাওয়া উপযোগী আধুনিক ধানের জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভবান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :