রংপুর প্রতিনিধি
গাইবান্ধা ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে ১১১ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাব-১৩। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. আতাওয়ার আলীর বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে মো. গোলাম আজম প্রধান (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে বিশেষ কায়দায় রাখা ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার গোলাম আজম প্রধান গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামালপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
এদিকে একই দিন দুপুর সাড়ে ২টার দিকে রংপুর মহানগরীর তাজহাট থানার শেখপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব-১৩-এর রংপুর ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে শেখপাড়ার একটি আধাপাকা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী র্যাব সদস্যদের সহায়তায় ওই বাড়ির একটি শয়নকক্ষের বালিশের নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানে মো. সোহেল কাওছার ওরফে রানা (৩৫) এবং লাকী খাতুন (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, সোহেল কাওছার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাড়িপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে লাকী খাতুন রংপুর মহানগরীর তাজহাট থানার শেখপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
পরে গ্রেপ্তার তিনজন ও জব্দ করা হেরোইন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৩।
আপনার মতামত লিখুন :