নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরলে সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, কম্পিউটার শিক্ষা শুধু চাকরির ক্ষেত্রেই নয়, আত্মকর্মসংস্থান, ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলের অনেক তরুণ-তরুণী নানা কারণে দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিজিবি জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে যুবসমাজ আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। যুবসমাজকে দক্ষ করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিজিবির এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, প্রযুক্তিগত দক্ষতা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। কর্মমুখী প্রশিক্ষণ যুবসমাজকে অপরাধ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, বিরল থানার ওসি, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের প্রধান প্রশিক্ষক মোবাশ্বেরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন। তাই যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপ্রাপ্তরা বিজিবির এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা কম্পিউটার পরিচালনা, অফিস অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির মৌলিক বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে এই দক্ষতা কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সীমান্ত এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বিকাশে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি তারই একটি অংশ।
আপনার মতামত লিখুন :