বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ে বাঁধনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক। প্রতি বছর সংগঠনটি এ ধরনের কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। তিনি বলেন, নিজের রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ রক্তদাতা ডাটাবেস তৈরি হচ্ছে, যা জরুরি সময়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, সাধারণ ও অসহায় রোগীদের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, মার্কেটিং বিভাগের প্রফেসর মো. ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ.এম.এম. শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করা হবে, যা ভবিষ্যতে জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :