বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করতে "ট্রেনিং সেশন অন ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে দক্ষতা, সঠিক ইমেইল যোগাযোগ এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় পারদর্শী হওয়া প্রয়োজন।
উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন, ফান্ডিংয়ের সুযোগ খুঁজে বের করা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ স্থাপনে যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক।
দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও প্রস্তুতকরণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম ও অধ্যাপকদের তথ্য অনুসন্ধান, পেশাদার ইমেইল লেখার কৌশল এবং স্কলারশিপ ও ফান্ডিং-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :