• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইলের বড় চালান জব্দ, আটক ১


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 62
ছবির ক্যাপশন : ad728


কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোনের একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ সময় ৫৫টি ব্যবহৃত মোবাইল ফোনসহ এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

জব্দ করা মোবাইল ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে।

আটক এনামুল হক অন্তর উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে আনা মোবাইল ফোনের অবৈধ বেচাকেনা চলে আসছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোবাইল ব্যবসায়ীরা সেখানে এসে এসব ফোন কিনে নিয়ে যেতেন বলেও তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতের বিভিন্ন এলাকায় চুরি কিংবা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্তবর্তী একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছে। ভারত ও বাংলাদেশের কয়েকটি চক্র এ কাজে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, সীমান্ত পেরিয়ে আসা এসব মোবাইলের একটি বড় অংশ নিবন্ধনবিহীন পরিচিতি নম্বর ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। ফলে এসব মোবাইল অপরাধী চক্রের হাতেও চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, উপপরিদর্শক সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সহযোগিতায় পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ ও বিজিবির সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে। মোবাইল চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মোবাইল ফোন এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

...