• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 81
ছবির ক্যাপশন : ad728

সাংবাদিক কর্মশালায় বক্তাদের অভিমত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ক্ষতিকর চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার গ্রহণের প্রবণতা বাড়ছে। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট সতর্কবার্তা বা **ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)** চালুর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ২৪ ও ২৫ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী **“বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়”** শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ২৬ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ। এসব রোগের অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বর্তমানে অধিকাংশ খাদ্যপণ্যের মোড়কের পেছনে ছোট অক্ষরে লেখা পুষ্টি তথ্য সাধারণ ভোক্তার পক্ষে সহজে বোঝা কঠিন। ফলে খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়া অনেক সময় সম্ভব হয় না। এ কারণে মোড়কের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা সংযুক্ত করা প্রয়োজন বলে মত দেন বক্তারা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “এফওপিএল-সংক্রান্ত খসড়া প্রবিধানমালা বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এটি দ্রুত চূড়ান্ত হবে বলে আমরা আশাবাদী।”

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম বলেন, “অসংক্রামক রোগ প্রতিরোধে এফওপিএল একটি বিজ্ঞানভিত্তিক ও কার্যকর উদ্যোগ। এটি ভোক্তাদের অতি-প্রক্রিয়াজাত খাবারের স্বাস্থ্যঝুঁকি সহজে বুঝতে সহায়তা করবে।”

জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী অসংক্রামক রোগে মৃত্যুহার এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে এফওপিএল প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়ন করা জরুরি।”

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, “অসংক্রামক রোগ মোকাবিলায় এফওপিএল-এর গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত আলোচনা এবং বিশ্লেষণ প্রয়োজন। এতে প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত হওয়ার পরিবেশ তৈরি হবে।”

কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)-এর কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। এছাড়া বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার ও প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং খাদ্যজনিত অসংক্রামক রোগের বিস্তার রোধে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং চালু করা সময়ের দাবি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোক্তারা খাদ্যপণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সহজে অবগত হতে পারবেন এবং স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন করতে সক্ষম হবেন।

...