রংপুরে ধর্মীয় নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 79
**নিজস্ব প্রতিবেদক, রংপুর:**
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে রংপুর মহানগরীতে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
সভায় পুলিশ কমিশনার বলেন, “আমরা সকলেই সৃষ্টির সেরা জীব এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত। ধর্মীয় সংগঠনগুলো রাজনৈতিক সংগঠন নয়। সমাজে আপনাদের সম্মান ও গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি।”
তিনি বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা সমাজের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। তরুণ সমাজের একটি অংশ বিভিন্নভাবে বিপথগামী হচ্ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আলেম সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
পুলিশ কমিশনার সম্প্রীতি, সহনশীলতা ও শান্তির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর সমাজ ও আদর্শ পরিবার গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা তাদের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। গাউসিয়া কমিটি সকাল ৯টায় মডেল মসজিদে সমবেত হয়ে স্টেজ ও তবারকের আয়োজন করবে এবং দুপুর ১২টার মধ্যে কর্মসূচি শেষ করবে। আশরাফীয়া চিশতীয়া কাদেরীয়া সকাল ১০টায় গ্র্যান্ড হোটেল মোড় থেকে শোভাযাত্রা শুরু করে কাচারীবাজার, খানকা শরীফ ও কর্ণচাই রোড হয়ে কর্মসূচি শেষ করবে।
এছাড়া শাপলা চত্বর কেন্দ্রিক কর্মসূচি ডিসির মোড় হয়ে পরিচালিত হবে এবং দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত সকাল ৯টায় তাদের কর্মসূচি শুরু করবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সভায় ধর্মীয় নেতৃবৃন্দ, সংগঠনের প্রতিনিধিসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :