• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

নজরুলের জীবন, চিন্তা ও আদর্শ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 120
ছবির ক্যাপশন : ad728

রংপুর. ৪ঠা ভাদ্র (১৯শে আগস্ট) :

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, চিন্তা ও আদর্শ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে।

 

বুধবার (১৯শে আগস্ট) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নিমিত্ত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নজরুলের গান, নাচ বা আবৃত্তির মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ না রেখে শিশুদের তাঁর জীবন, চিন্তা ও আদর্শ সম্পর্কে জানাতে হবে। এ বিষয়ে জেলা কালচারাল ও শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান শিশুরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকুক এবং প্রতিটি শিশু অন্তত একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে শিখুক। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী বইপাঠ কর্মসূচি চালুর উদ্যোগের কথাও তিনি জানান।

 

সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শুধু শখ হিসেবে না দেখে পেশা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে ডা. জাহেদ উর রহমান বলেন, সৃজনশীল উদ্যোগের জন্য বাজেটে ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তিনি সারা বছর শিল্পকলা একাডেমিগুলোতে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন এবং শিশুদের জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

 

অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা উল্লেখ করেন, পূর্বে ‘চাহিদার আগে সরবরাহ’ (সাপ্লাই তারপর ডিমান্ড) নীতিতে কাজ হতো, যা সঠিক নয়। প্রথমে চাহিদা তৈরি হতে হবে, তারপর সরবরাহ নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে পর্যাপ্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে কিনা তা যাচাই করার প্রয়োজনীয়তা তুলে ধরে বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী ধরনের কাজ করছেন সে বিষয়ে জানতে চান তিনি।

 

সভার শুরুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হামিদুল হক ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের সময়সূচিসহ পূর্ণাঙ্গ নির্দেশিকা সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করেন।

 

সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এতে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা জেলা কালচারাল কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর, ২০২৬ খ্রি. পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের চূড়ান্ত প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে।

...