প্রতিষ্ঠার ১৭ বছর পেরিয়ে গেলেও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে এখনো চালু হয়নি কোনো ভর্তুকি ব্যবস্থা। ফলে চড়া দামে খাবার কিনেও মান, স্বাদ ও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো কোনো ডাইনিংয়ে বাসি খাবার, পচা বা দুর্গন্ধযুক্ত খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল—ছাত্রীদের শহীদ ফেলানী হল এবং ছাত্রদের বিজয়-২৪ হল ও শহীদ মুখতার ইলাহী হল। এসব হলের ডাইনিংয়ের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে। খাবারের বৈচিত্র্য কম, রান্নার মান খারাপ এবং নির্ধারিত দামের তুলনায় খাবারের পরিমাণ ও মান কম—এমন অভিযোগ তাদের।
পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী ডাইনিংয়ের খাবার না খেয়ে হলের কক্ষে বৈদ্যুতিক হিটারে রান্না করছেন। কেউ কেউ আবার বাইরের হোটেল ও খাবারের দোকানে গিয়ে খেতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে পড়াশোনার সময়ও নষ্ট হচ্ছে।
আপনার মতামত লিখুন :