• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 70
ছবির ক্যাপশন : ad728

মাহফুজ আলম প্রিন্স,রংপুর।।
রংপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। এ উপলক্ষে বুধবার সকালে নগরীর টাউন হল সাহিত্য মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব সৈয়দ সামছুল হক, সৈয়দ সালে সালেকীন, মাওলানা ঈসা আহমেদ,শফি আহমেদ, এডভোকেট লিটনসহ অন্যান্য বক্তারা।

বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং ইসলামের শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মহানবীর (সা.) পৃথিবীতে আগমন ছিল সমগ্র মানবজাতির জন্য আল্লাহ তায়ালার এক অপার অনুগ্রহ। তাঁর আগমনের মাধ্যমে মানবসভ্যতা অজ্ঞতা, কুসংস্কার ও অন্যায়ের অন্ধকার থেকে মুক্তির পথ খুঁজে পায়।

বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর ত্যাগ, সংগ্রাম, সততা ও মহান চরিত্রের মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সান্নিধ্য ও দিকনির্দেশনায় জাহেলিয়াতের অন্ধকার যুগ রূপান্তরিত হয়েছিল মানব ইতিহাসের এক শ্রেষ্ঠ সময়ে। বর্তমান বিশ্বে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে আয়োজিত আনন্দ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি টাউন হল এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

...