রংপুরে নার্সিং কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 122
**নিজস্ব প্রতিবেদক, রংপুর:**
শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রংপুরে মাদকবিরোধী আলোচনা সভা, থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রংপুরের বোস্টন বাংলা নার্সিং কলেজে এ কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর।
কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় মাদকের ভয়াবহতা, এর কারণে ব্যক্তি ও পরিবারের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তির কারণে তরুণ সমাজের বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে তাদের মধ্যে সচেতনতা তৈরি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে মাদকবিরোধী থিম সং পরিবেশন করা হয়। পরে মাদকের ক্ষতিকর দিক ও এর ভয়াবহ পরিণতি তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারির মাধ্যমে মাদক গ্রহণের ফলে শারীরিক, মানসিক, পারিবারিক ও সামাজিক জীবনে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাদকসংক্রান্ত যেকোনো তথ্য ও সমস্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর জানান, তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :