লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 107
**লালমনিরহাট প্রতিনিধি**
লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ চার নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কাকিনা জিরো পয়েন্ট মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ থানার কাকিনা জিরো পয়েন্ট মোড়ে মা মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ১১ কেজি গাঁজা জব্দ করা হয়।
অভিযানে গাঁজা রাখার অভিযোগে রংপুর মহানগরীর আলমনগর মুসলিমপাড়া এলাকার রোকসানা (৪০), রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোপাল এলাকার মর্জিনা (৪৫), রংপুর মহানগরীর নওপাড়া রেলগেট লিচু বাগান এলাকার রওশনারা (৩৭) ও মনি (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার চার নারী ও জব্দ করা গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :