বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। পতাকা উত্তোলন, মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, কবর জিয়ারত, আলোচনা সভা এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগরীর লালপুল এলাকায় জিয়া ক্যানাল ও কুকরুল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে গুপ্তাপাড়া জামে মসজিদ ও নুরপুর কবরস্থানে গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। পরে হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজন করা হয় সমাবেশ। দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এতে ধীরে ধীরে সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির নবনিযুক্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, সদস্য ফজলুর রহমান বাদল, সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. লিটন পারভেজ, সদস্য ও সাবেক হারাগাছ পৌরসভার চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, পীরগাছা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা, সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, অধ্যাপক গোলাম রব্বানী, মাহামুদুন্নবী পলাশ এবং জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম নাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নগরীতে পৃথক কর্মসূচিও পালন করা হয়। দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সবশেষে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের করা হয় আনন্দ মিছিল ও শোভাযাত্রা। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিকে ঘিরে রংপুর নগরীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।