পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি মো. সমরাজুল ইসলাম সোহেল (৪৭)। তিনি পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুর (দাইলেনের পাড়া) গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রংপুরের ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সমরাজুল ইসলাম সোহেলের নিজ বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরিহিত শার্টের বুক পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘরের একটি কাঠের টেবিলের ড্রয়ার থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট জব্দ করা হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে ছিল একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ৪০ পিস ‘WY’ এবং ১০ পিস ‘R’ লেখা মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৫ গ্রাম। এছাড়া একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষিত ‘MF’ লেখা ৫ হাজার ৪০০ পিস লালচে রঙের ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫৮০ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।