Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২, ২০২৬

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধায় ৯৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি শ্রী মিলন চৌধুরী (৩৮)। তিনি গাইবান্ধা সদর উপজেলার গোঘাট মাঝিপাড়া গ্রামের বাসিন্দা এবং শ্রী মেহেলাল চৌধুরীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মিলন চৌধুরীর বাড়ির সামনের পূর্ব পাশে নদীভাঙন প্রতিরোধে নির্মিত ব্লকের ওপর তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকেট থেকে মোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।