নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২ মিনিটে রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট বিওপির একটি টহলদল হাবিলদার মো. শামীম রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঝুকিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে একজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখা যায়।
টহলদল তাকে থামার নির্দেশ দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. আমিনুল ইসলাম (২১)। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার কারিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল জব্বার।
বিজিবি জানায়, প্রাথমিক তথ্যে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা ও পরিবহনের সঙ্গে আমিনুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস, সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আটক আমিনুল ইসলাম এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ, পরিবহন ও বিস্তার রোধে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।