মাহফুজ আলম প্রিন্স,রংপুর।
বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু,বিএনপি নেতা মিজু,সেলিম,রাজিব,নাজমুল আলম নাজু, জহির আলম নয়নসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক র্যালিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সম্মিলিতভাবে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তারা।
নেতাকর্মীরা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালি শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী আরও বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।