Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম দেখভালের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম দেখভালের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

দেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ। এর মধ্যে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন জেলার উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এসব অর্থের কিছু অংশ বিদেশে পাচার এবং কিছু অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ প্রেক্ষাপটে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তর ও প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। একই সঙ্গে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তদারকি করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভা, সমন্বয় বৈঠক ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পারবেন।