Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

মেধাবী আরাফতের পাশে দাঁড়ালেন তারাগঞ্জ ইউএনও

মেধাবী আরাফতের পাশে দাঁড়ালেন তারাগঞ্জ ইউএনও
**তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:**

রংপুরের তারাগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী আরাফত পোদ্দার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির সুযোগ পাওয়ায় তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আরাফত পোদ্দারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের হজরত আলীর ছেলে আরাফত পোদ্দার মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটে ভর্তির সুযোগ অর্জন করেন। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তার উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে ইউএনও মোনাববর হোসেন বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন থেমে থাকা উচিত নয়। আরাফতের এই সাফল্য তারাগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা চাই সে উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত, যাতে তারা স্বপ্ন পূরণের সুযোগ পায়।

আর্থিক সহায়তা পেয়ে শিক্ষার্থী আরাফত পোদ্দার ও তার পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহযোগিতা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সহজ করবে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।