Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
আশরাফুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে আব্দুস সালাম (২৫) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকার আনিছুল ইসলামের ছেলে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মামলায় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার এএসআই নুরে আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে অভিযুক্তকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।