Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরে শিতো-রিউ কারাতে-দো টেকনিক্যাল সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

রংপুরে শিতো-রিউ কারাতে-দো টেকনিক্যাল সেমিনার-২০২৬ অনুষ্ঠিত
রংপুরে কারাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে "রংপুর ডিভিশনাল শিতো-রিউ কারাতে-দো টেকনিক্যাল সেমিনার-২০২৬" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নগরীর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিতো-রিউ কারাতে-দো ইউনিয়নের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান শামু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিতো-রিউ কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক সেনসেই এবি বাবেল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিতো-রিউ কারাতে-দো ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও কান্ট্রি হেড সেনসেই নজমুল হাসান (অভি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন, রংপুর ও সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত হোসেন, রোটারি ক্লাব অব রংপুরের সভাপতি রোটারিয়ান পিপি আবু বকর মো. বারী মিঠু, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি এ.কে.এম. মাসুদুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তানভীর হোসেন আশরাফী, সেনসেই মোজাম্মেল হক, সেনসেই জাহাঙ্গীর আলী হীরা এবং মো. কবির আকবর চৌধুরী তাজসহ ক্রীড়া ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুজ্জামান শামু বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। কারাতে শুধু একটি খেলা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মরক্ষার একটি কার্যকর মাধ্যম। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সভাপতির বক্তব্যে সেনসেই এবি বাবেল বলেন, “রংপুর অঞ্চলে কারাতে চর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দক্ষ খেলোয়াড় তৈরির পাশাপাশি সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সেমিনারের পরিচালক সেনসেই নজমুল হাসান (অভি) বলেন, “আন্তর্জাতিক মানের কারাতে প্রশিক্ষণের মাধ্যমে দেশের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার জন্য এই টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে বিভিন্ন কারাতে ক্লাব ও একাডেমির প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়ানুরাগীরা অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার কারাতে খেলোয়াড়দের কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে সহায়ক হবে।