Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি বেলাল

রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি বেলাল
নিজস্ব প্রতিবেদক, রংপুর

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রংপুর নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় ছিল সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি বেগম রোকেয়া কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সমাজকল্যাণ বিদ্যাবীথি, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া বালক উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয় এবং আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ।

সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর সিটির ঘোষিত মেয়র প্রার্থী ও মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আজাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে মাহবুবুর রহমান বেলাল বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের অন্যতম মাধ্যম। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। একজন সংসদ সদস্য হিসেবে সরকারের পক্ষ থেকে এলাকার উন্নয়নে যে সহযোগিতা ও সুযোগ-সুবিধা পাব, তা জনগণের দোরগোড়ায় শতভাগ সঠিকভাবে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রীড়া সামগ্রীর প্রাপ্যতা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করবে।