Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে ৫ মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮৩৯

ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে ৫ মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮৩৯

নিজস্ব প্রতিবেদক | রংপুর২৪ ডটকম

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটাই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা।

এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৮৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৮৯৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

নতুন রোগী ভর্তির দিক থেকে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রাজশাহী বিভাগে ৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একদিনে রোগী ভর্তির নতুন রেকর্ড এবং মৃত্যুর ঘটনায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জনসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।