Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

রংপুরে বিএনপির আনন্দ মিছিল

রংপুরে বিএনপির আনন্দ মিছিল
**রংপুর প্রতিনিধি**

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে মহানগর বিএনপি। শনিবার দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।

মিছিলকে কেন্দ্র করে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, উত্তরবঙ্গের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রংপুরবাসী গর্বিত ও আনন্দিত। একই সঙ্গে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্ব গ্রহণ রংপুরের মানুষের জন্যও আনন্দের বিষয়। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধান ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবেন।

অন্যদিকে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে দলের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে রিজভীর সক্রিয় ভূমিকা রয়েছে। নতুন দায়িত্বে তিনি দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে দল ও রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। রংপুরসহ উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নবঞ্চিত। বিশেষ করে কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।

তারা বলেন, রাষ্ট্র ও দলের শীর্ষ পর্যায়ে রংপুরের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্ব পাওয়ায় উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। রংপুরের বেকারত্ব কমানো, শিল্প ও বিনিয়োগের পরিবেশ তৈরি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতির জন্য তারা কার্যকর উদ্যোগ আশা করেন।

বক্তারা বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যার প্রতি রাষ্ট্রীয় পর্যায়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। নতুন দায়িত্ব পাওয়া দুই নেতা উত্তরাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা যথাযথভাবে তুলে ধরবেন এবং উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

সমাবেশে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতারা নতুন দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কর্মসূচি শেষ করেন।