Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়কের সংস্কারকাজ পরিদর্শন করলেন নাগরিকরা

জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়কের সংস্কারকাজ পরিদর্শন করলেন নাগরিকরা

রংপুরের জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়কের চলমান সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় নাগরিক ও তরুণরা। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা নাগরিকদের উদ্যোগে শুক্রবার এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে আন্দোলনকারীরা জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এ অবস্থার প্রতিবাদে তারা বিভিন্ন সময়ে গায়েবানা জানাজা, কফিন মিছিল, লাল কার্ড প্রদর্শন, সড়কে ধানের চারা রোপণ এবং কালো কাপড় বেঁধে প্রতীকী কর্মসূচি পালন করেন।

নাগরিক প্রতিনিধিরা বলেন, দীর্ঘ আন্দোলনের পর সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় তারা সন্তুষ্ট। তবে কাজের গতি, নির্মাণসামগ্রীর মান এবং প্রকল্পের নকশা ও নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্যই এ ‘নাগরিক পরিদর্শন’ আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, সড়কটির সংস্কারকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। একই সঙ্গে ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোতেও নাগরিক পর্যবেক্ষণের গুরুত্ব রয়েছে বলে তারা মন্তব্য করেন।

পরিদর্শন শেষে আন্দোলনকারীরা সড়কের কাজের মান ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ঘোষণা দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।