মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি ঘোষপাড়া, কেন্দ্রীয় শহীদ মিনার, পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ বাবু, ডা. মো. ইউনুস আলী, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, মো. ইদ্রিস আলী ও আবু দারদা হেলাল।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল এহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এদিকে বৃহস্পতিবার রাতে রুহুল কবীর রিজভী আহমেদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কুড়িগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু পৃথকভাবে এ মিষ্টি বিতরণ করেন।