Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

গরমে স্বস্তির বার্তা, পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

গরমে স্বস্তির বার্তা, পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকা এবং বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি এবং স্বাভাবিক চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েক দিনের গরমের পর বৃষ্টির এই সম্ভাবনাকে স্বস্তির খবর হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বিশেষ করে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী ও কৃষিনির্ভর এলাকার মানুষের মধ্যে বৃষ্টির প্রত্যাশা তৈরি হয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনে দিনের তাপমাত্রা কিছুটা কমলে গরমের অস্বস্তি কমার পাশাপাশি প্রকৃতিতেও স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।