গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আইয়ুব আলী সরকার (মাস্টার) আর নেই। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে গাইবান্ধা শহরের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
আইয়ুব আলী সরকার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা, সমাজসেবা ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাদুল্যাপুর উপজেলার ছান্দিয়াপুর উচ্চবিদ্যালয় এবং ড. আর এ গনি কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মিরপুর উচ্চবিদ্যালয় ও মাদারগঞ্জ সিনিয়র মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধের সময় আইয়ুব আলী সরকার রসুলপুর ইউনিয়ন সংগ্রাম কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। ১৯৭৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ২৫ বছর তিনি সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি গাইবান্ধা জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গাইবান্ধা জেলা হাজি কল্যাণ সমিতি এবং জয়দেব ঈদগাহ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মৃত আইয়ুব আলী সরকারের দুই ছেলের মধ্যে বড় ছেলে মোতাহার হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এবং ছোট ছেলে সাদেকুল ইসলাম গোলাপ একজন উন্নয়ন বিশেষজ্ঞ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় গাইবান্ধা শহরের শাপলাপাড়া স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি তরফ কামাল-ছান্দিয়াপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গাইবান্ধার শিক্ষাঙ্গন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।