উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে প্রাইভেট পড়তে গিয়ে মো. লাতিফুল ইসলাম (১০) নামে এক শিশু গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ লাতিফুল ইসলাম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার আবু জাহিদ বাদলের ছেলে। সে পরিবারের একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় লাতিফুল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা আশপাশের এলাকা, আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, লাতিফুলের বয়স ১০ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং ফর্সা এবং মাথার চুল কালো ও মাঝারি। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।
লাতিফুলের মা লতিফা বেগম বলেন, “আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি। কেউ তার খোঁজ পেয়ে থাকলে আমাদের জানালে উপকার হবে।”
পরিবার জানায়, শিশু নিখোঁজ হওয়ার পরদিন ৩১ জুলাই উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপরও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
লাতিফুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে দিয়ে সন্ধান পেতে সহায়তার আহ্বান জানিয়েছে পরিবার।