Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

হিমাগারে ভাঙচুর ও আলু লুটের হুমকির প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের সভা

হিমাগারে ভাঙচুর ও আলু লুটের হুমকির প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের সভা
রংপুরে বিভিন্ন হিমাগারে ভাঙচুর চালানো এবং বলপ্রয়োগ করে মনগড়া কম ভাড়ায় সংরক্ষিত আলু জোরপূর্বক বের করে নেওয়ার হুমকির প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী হিমাগার ব্যবস্থাপনায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং চাপ প্রয়োগের মাধ্যমে হিমাগার কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সংরক্ষিত আলু কম ভাড়ায় ছাড় করতে বাধ্য করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্য এবং কৃষি খাতের জন্য ক্ষতিকর বলে তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, হিমাগার মালিক, ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থ রক্ষায় আইনানুগ উপায়ে সমস্যার সমাধান করা প্রয়োজন। কোনো অবস্থাতেই ভাঙচুর, জবরদস্তি বা হুমকির মাধ্যমে সমাধান গ্রহণযোগ্য নয়। তারা প্রশাসনের কাছে হিমাগারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় রংপুর জেলা ও মহানগরের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা হিমাগার খাতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।