রংপুর, ১৬ আগস্ট: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার সকালে রংপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে দুপুরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি সম্পন্ন করা হয়।